ফেইসবুক পোস্টে ‘হাহা রিয়েক্ট’: ফেনীতে ছুরিকাঘাতে আহত ৪ কিশোর

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে 'হাহা রিয়েক্ট' দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরের ছুরিকাঘাতে আহত হয়েছে চার কিশোর।

শুক্রবার রাতে সাড়ে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

আহতরা হলেন- ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), মো. শাহীনের ছেলে রিজন (১৬), নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮) ও এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭)।

তাদের মধ্যে শরীফ ও রিজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান অমিত হাসানের এক ফেইসবুক পোস্টে ‘হাহা রিয়েক্ট’ দেয় ওই এলাকার কিশোর নিলয়। পরে শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে ডেকে ‘হাহা রিয়েক্ট’ দেওয়ার কারণ জানতে চায়।

“একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে নিলয় তার পকেট থেকে ছুরি বের করে অমিতসহ অন্যদের ওপর হামলা করে। এতে চারজন আহত হয়। ”

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল মামুন নামে এক কিশোর বলেন, “নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় আমাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়। “

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, “আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।”



    Post a Comment

    0 Comments