জুনের মধ্যে সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন

 


জুমবাংলা ডেস্ক : আগামী জুন মাসের মধ্যেই সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা পাসপোর্ট পাচ্ছেন। বিশেষ ক্যাটাগরিতে তাদের এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে।


সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এরই মধ্যেই ২৫ হাজার ৬৫১ জনের একটি তালিকা পাওয়া গেছে। পাসপোর্ট কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দও চাওয়া হয়েছে।


তবে চাহিদার তুলনায় বরাদ্দ দেওয়া হয়েছেঅনেক কম। ফলে সময়ের মধ্যে পাসপোর্ট দেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


১৯৭৫ সালের পর থেকে কয়েক ধাপে সৌদি আরবে রোহিঙ্গারা আশ্রয় নেন। এই রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গেছেন। আবার অনেক রোহিঙ্গা সৌদিতে অবস্থানকালে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করেছেন। সৌদি সরকার বলেছে, এমন রোহিঙ্গার সংখ্যা ৬৯ হাজার। তাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে। নবায়ন করতে হবে। গত বছর মে মাসে বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করে দিতে সম্মত হয়। এজন্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সই হয়। সে অনুযায়ী উভয়পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। বর্তমানে ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে কাজ করছে।


সূত্র জানায়, আগামী জুন মাসের মধ্যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ মিশন কার্যক্রম পরিচালনা করছে। ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ২৫ হাজার ৬৫১ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ২১ হাজার ১২৬ জন তাদের আবেদন দাখিল করেছেন। তিন ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদনের মধ্যে ৯ হাজার ৪৮৯ জনের এনরোলমেন্ট (তালিকাভুক্তি) করা সম্ভব হয়েছে।

Post a Comment

0 Comments