| ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। |
বিবাহবিচ্ছেদের হার যখন বিশ্বব্যাপী বাড়ছে, তখন ভালোবাসার এক অনন্য নজির গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। ৮৪ বছর ৭৭ দিন ধরে একসঙ্গে সংসার করছেন ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। এ অর্জনের স্বীকৃতিতে তারা পেয়েছেন বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৯৩৬ সালে প্রথম দেখা হয় ম্যানোয়েল (১০৫) ও মারিয়া (১০১)-এর। প্রেমের পর ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরা রাজ্যের বোয়া ভেনচুরা চ্যাপেলে বিয়ে করেন তারা। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট চলছিল, এরপর এসেছে মহামারি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা—কিন্তু কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারেনি।
এই দম্পতি দীর্ঘ দাম্পত্য জীবনে ১৩ সন্তান লালন-পালন করেছেন। বর্তমানে তাদের পরিবার আরও বড় হয়েছে রয়েছে—৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্রী, ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র-প্রপৌত্রী।
শতবর্ষী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী লংগেভিকোয়েস্ট নামের একটি ওয়েবসাইট তাদের ৮৪ বছর ৭৭ দিন ধরে চলমান বৈবাহিক সম্পর্ক যাচাই করে। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতি ঘোষণা করে।

0 Comments