মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২


 ঝিনাইদহ সদরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের আকিদুল মোল্লা, সালেক মোল্লা, লাভলু মোল্লা, টিপু মোল্লা, ইমামুল জোয়ার্দার ও ইউনুস আলী বিশ্বাস, হাসেম আলী, এলাহী মোল্লা, আফাঙ্গীর হোসেন, মিকলা মোল্লা ও আমিরুল মোল্লা। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পাঁচমাইল এলাকার একটি পুকুরে মাছ ধরতে যায় স্থানীয় বিএনপি কর্মী ইকবাল মোল্লা। তখন বিএনপির আরেক কর্মী খেলাফত মিয়া ও তার লোকজন গিয়ে বাধা দেয়। পরে বিকেলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১২ জন আহত হয়।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক মো. সামছুজ্জোহা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Post a Comment

0 Comments