আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়তে পারেন পান্ট!

 



আইপিএলের গত আসরের নিলামে প্রথম বার খেলোয়াড়দের মূল্য ২০ কোটি রুপি ছাড়িয়ে যায়। প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। একই নিলামে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে মিচেল স্টার্ককে। এই দুজনের মূল্যের রেকর্ড ভাঙতে পারে এবারের নিলামে। দলগুলোর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা দেখলে যার কারণ স্পষ্ট হচ্ছে।

জস বাটলার, ট্রেন্ট বোল্ট, শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফ্রেসার ম্যাকগার্ক, রাচিন রবীন্দ্র, গ্লেন ম্যাক্সওয়েল, ডু প্লেসি, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের নাম এবারের ডিসেম্বরের নিলামে উঠবে। তবে সবচেয়ে বড় চমকটা দেখাতে পারেন রিশাভ পান্ট।

আইপিএল ইতিহাসে পান্টের সবচেয়ে বেশি দাম পাওয়ার সম্ভাবনার পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। উইকেটরক্ষক এই ব্যাটার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সক্ষমতা রাখেন, ব্যাপারটা তার সঙ্গে একরকম লেপ্টে গেছে। সেটা জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

রোববার (৩ নভেম্বর) মৃত্যুকূপে দাঁড়িয়ে কিউইদের বিপক্ষে দলকে টেস্ট জিতিয়েই ফেলছিলেন পান্ট। যদিও, কিনারে গিয়ে ব্যর্থ হন তিনি। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার পর প্রত্যাবর্তনের মৌসুমে পারফরম্যান্সে ভাটা পড়েনি তার। ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। তবুও দিল্লি তাকে এবার ছেড়ে দিয়েছে।

পান্টের জন্য এবার ঝাঁপিয়ে পড়তে পারে কয়েকটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এদের মধ্যে অন্যতম। দিনেশ কার্তিক অবসর নিয়েছেন। তাই বেঙ্গালুরুর একজন উইকেটরক্ষক ‘চাই-ই চাই’ অবস্থা। দলটির অধিনায়কের পদটাও খালি। পান্টের মতো তরুণ দায়িত্ব পেলে দীর্ঘদিন ঝান্ডা বহন করতে পারবেন।

এদিকে লখনৌ ও পাঞ্জাবেরও অধিনায়ক দরকার। এই তিন দলের হাতে মোটা অঙ্কের অর্থও রয়েছে (পাঞ্জাবের ১১০.৫ কোটি রুপি, বেঙ্গালুরুর ৮৩ কোটি রুপি ও লখনৌর ৬৯ কোটি রুপি)। ইএসপিএন ক্রিকইনফোর সাংবাদিক নাগরাজ গোলাপুডি বলেছেন, নিলামে পান্টকে পেতে বেঙ্গালুরু সব রকমের চেষ্টা করতে পারে। নিলামে কত দাম হবে পান্টের? প্রশ্নটি স্বয়ং তারও।

ডেইলি-বাংলাদেশ/এএল

Post a Comment

0 Comments