মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১



মুন্সীগঞ্জের মিরকাদিমে বাসা থেকে ডেকে নিয়ে শুভ বেপারী (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শুভ। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, খবর পেয়ে ওই এলাকা থেকে ফয়সাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ

Post a Comment

0 Comments